অ্যান্ট গ্রুপকে ৯৮৪ মিলিয়ন ডলার জরিমানা চীনের
চীনা কর্তৃপক্ষ শুক্রবার অ্যান্ট গ্রুপকে ৭.১২ বিলিয়ন বিলিয়ন ইউয়ান বা ৯৮৪ মিলিয়ন ডলার জরিমানা করেছে। এর মাধ্যমে ফিনটেক কোম্পানিটির উপর দেশটির নিয়ন্ত্রক সংস্থার মামলা ইতি ঘটতে যাচ্ছে। খবর রয়টার্স।
এই জরিমানা চীনের একটি ইন্টারনেটভিত্তিক কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় জরিমানা।
পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি) বলেছে, অ্যান্ট এবং এর সহযোগী সংস্থাগুলো কর্পোরেট গভর্নেন্স ও আর্থিক ভোক্তা সুরক্ষা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলোর মতো কার্যকলাপে যুক্ত হয়েছে।
২০২০ সালের শেষের দিকে ৩৭ বিলিয়ন ডলারের আইপিও আটকে দেয় চীনের কেন্দ্রীয় ব্যাংক। চীন সরকার দেশটির উদ্যোক্তাদের বড় ধরনের বিনিয়োগের আহবান জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপড়েনের মাঝে চীন তার নিজস্ব বিনিয়োগকারীদের দেশটিতেই বিনিয়োগের কথা বলে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে অ্যান্ট গ্রুপের আইপিও স্থগিত করে দেয়া হয়। এরপরই কেন্দ্রীয় ব্যাংক অ্যান্ট গ্রুপকে আইনের জালে আটকায়।
চীনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, অ্যান্ট গ্রুপের ক্রাউডফান্ডেড চিকিৎসা সহায়তা পরিষেবা জিয়াংহুবাওর কার্যক্রম বন্ধ করতে এবং ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে হবে।
এ বিষয়ে অ্যান্ট গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







